আগস্ট ১৩, ২০২৬, ১১:৩৯ পিএম
গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন, আল্লামা সাঈদী শারীরিকভবে না থাকলেও তাঁর কণ্ঠের স্মৃতি ও কাজ মানুষের হৃদয়ে বেঁচে রয়েছে।অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তিনি কুরআনের দাঈ হিসেবে কাজ করেছেন।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আল্লামা সাঈদীর তাফসিরের ব্যাপক প্রভাব ছিল। শীতের রাতে খোলা মাঠে লাখো মানুষ তাঁর বয়ান শুনেছেন এবং তাঁর আলোচনা অনেকের ধর্মীয় জীবনে পরিবর্তন এনেছে। জাতীয় সংসদে তাঁর ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ ও মাদরাসা শিক্ষা নিয়ে জোরালো বক্তব্য রেখেছেন।
তাঁর রাজনৈতিক অবস্থান ও মতাদর্শ নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে তাঁর বিপুল জনসমর্থন একটি ঐতিহাসিক বাস্তবতা বলে উল্লেখ করেন জামায়াত আমির। আল্লামা সাঈদীর জীবনের বিভিন্ন পর্যায়ে নানামুখী নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সুখরঞ্জন বালির সাক্ষ্যদান এবং পরবর্তীতে রায়-পরবর্তী আন্দোলনের ইতিহাস দেশের মানুষ স্মরণ রাখবে।
কারাগারের দেয়াল একজন মানুষকে আটকে রাখতে পারলেও মানুষের ভালোবাসাকে বন্দি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। কবি আল মাহমুদের কবিতার পংক্তি উল্লেখ করে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তাঁর ভুলত্রুটি ক্ষমার প্রার্থনা জানান।পোস্টটির শেষাংশে তিনি বলেন, যে কণ্ঠ দীর্ঘদিন মানুষকে আল্লাহর পথে ডেকেছে, তা আজ নীরব হলেও তাঁর রেখে যাওয়া আহ্বান ও কাজ সমাজে স্থায়ীভাবে থেকে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন