রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ সংকীর্ণভাবে দেখছে সরকার:জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৩:৩৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ সংকীর্ণভাবে দেখছে সরকার:জামায়াত

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে বিরোধী দল মূলত সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।

নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে সরকারের মূল্যায়নের তীব্র সমালোচনা করেছেন জামায়াত নেতা।বিবৃতিতে হামিদুর রহমান আযাদ বলেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই বলে সরকারের একজন মন্ত্রীর যে বক্তব্য এসেছে, তা গ্রহণযোগ্য নয়। এই যুক্তি যদি ঠিক হয়, তবে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে, সেই প্রশ্নও তোলেন তিনি। 

কারণ হিসেবে তিনি জানান, বর্তমান সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সাধারণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিরোধী দলগুলোর অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার প্রতিবাদ জানানো এবং নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা।তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল কী হতে পারে তা আগে থেকেই জানা থাকলেও জনগণের সামনে গণতন্ত্রের দাবি জোরালো করতে এই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে। 

এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নতুন করে উপলব্ধি করেছে সাধারণ মানুষ। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের এই অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে না দেখে এর পেছনের গণতান্ত্রিক বার্তা অনুধাবন করা উচিত। জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।