রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম দেবেন না মায়ামি কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ১০:০৪ পিএম

বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম দেবেন না মায়ামি কোচ

মাঠে মেসি ও মাশচেরানো

আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির ফিটনেস ও বিশ্রাম নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এই তারকার বয়স টুর্নামেন্ট চলাকালে ৩৯ বছরে পৌঁছালেও তার ফর্ম ও শারীরিক সামর্থ্য নিয়ে কোনো ঘাটতি দেখছেন না মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাশচেরানো। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের আগে মেসিকে আলাদা করে বাড়তি বিশ্রামের কোনো প্রয়োজন নেই। মাশচেরানোর মতে মেসি এমন একজন খেলোয়াড় যিনি মাঠের ভেতরে নিয়মিত খেললেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেটিই তার ফিটনেসের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী শুক্রবার ২৭ মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। 

এই দুই ম্যাচেই মেসির অংশ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে মেসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবে বড় কোনো চোট না থাকলে তার অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। গত রোববার নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৯০১তম গোল পূর্ণ করে মেসি নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিয়েছেন।মাশচেরানো সংবাদ সম্মেলনে বলেন যে ক্লাব কর্তৃপক্ষ সবসময় মেসির যত্নের বিষয়টি মাথায় রাখে। 

তবে কোচ মনে করেন মাঠে খেলা চালিয়ে যাওয়াই মেসির জন্য সেরা শারীরিক চর্চা। জাতীয় দলের ক্যাম্প শেষে মেসি যখন ক্লাবে ফিরবেন তখন প্রতিদিন তার শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। মাশচেরানোর ভাষায় ক্লাবের লক্ষ্য পূরণে মেসি অপরিহার্য এবং তাকে ছাড়া কোনো সাফল্যের কথা কল্পনা করা কঠিন। কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মায়ামি বিদায় নেওয়ায় এখন ক্লাবের সূচি কিছুটা হালকা হয়েছে যা মেসির ওপর বাড়তি চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।