শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

১ কোটি টাকায় মামলা থেকে অব্যাহতির প্রস্তাব পেলেন সাকিব

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৪:০১ পিএম

১ কোটি টাকায় মামলা থেকে অব্যাহতির প্রস্তাব পেলেন সাকিব

নীরবতা ভাঙলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটে এখনো সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠে না থাকলেও প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। দেশের বাইরে থেকেও বাংলাদেশের ক্রিকেটকে ছায়ার মতো অনুসরণ করছেন এই এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দেশের মাটিতে ফেরার পথ আটকে আছে মামলা, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার শঙ্কায়। 

দীর্ঘ নীরবতার পর এবার একটি বাংলাদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে একটি গুরুতর তথ্য দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, তার কাছে প্রস্তাব এসেছিল এক কোটি টাকা দিলে মামলা থেকে নাম কাটিয়ে দেওয়া হবে। সাকিব বলেন, বলেছে ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, মামলার বাদীপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একজনের মাধ্যমে এমন প্রস্তাব তার কাছে এসেছিল। 

তবে টাকা দিয়ে সমাধান করার কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সাকিবের ভাষ্যমতে, টাকা দেওয়া মানেই হলো নিজের সমস্যা আছে তা স্বীকার করা, যা তিনি করতে রাজি নন।দেশে ফিরতে না পারার কষ্টও স্পষ্ট ফুটে উঠেছে সাকিবের কথায়। তিনি জানান, দেশে ফিরতে চাইলেও এখন সবচেয়ে বড় বাধা দেশত্যাগের নিষেধাজ্ঞা ও নিরাপত্তা শঙ্কা। মব হতে পারে কিংবা সন্ত্রাসী হামলা হতে পারে—এমন শঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি। জাতীয় দলের হয়ে মাঠে নামা এবং জার্সির প্রতি টান এখনো অনুভব করেন এই অলরাউন্ডার। তিনি বলেন, জাতীয় দল তো জাতীয় দলই, এটার কোনো বিকল্প হয় না।

সবকিছুর পরও ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই সাকিবের। সুযোগ পেলে আবারও বাংলাদেশের হয়ে খেলতে চান, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। ২০২৭ বিশ্বকাপ নিয়েও আশাবাদী এই অলরাউন্ডার। রাজনীতিতে আসা নিয়ে অনুশোচনার প্রশ্নেও তিনি সরাসরি জবাব দিয়েছেন। সাকিবের দাবি, আজকে যেটা ঠিক মনে হচ্ছে না, কয়েক বছর পর হয়তো মনে হবে সেটাই ঠিক ছিল। সময়, রাজনীতি ও বাস্তবতার লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়েও ফেরার আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস ধরে রেখেছেন সাবেক এই অধিনায়ক।