মে ১৫, ২০২৬, ১১:০৫ এএম
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
গত দেড় মাস আগেও ফ্রান্সের জার্সিতে মাঠে নামা কামাভিঙ্গার বাদ পড়ার পেছনে ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্সকে কারণ হিসেবে উল্লেখ করেছেন দেশম। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। কামাভিঙ্গার বাদ পড়া নিয়ে দেশম জানান, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তার হতাশাটা বোঝা যাচ্ছে, কিন্তু দলের ভারসাম্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
কামাভিঙ্গা ছাড়াও ফরাসি দল থেকে বাদ পড়েছেন আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু এবং কিংসলে কোমান। এছাড়া অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে দলে জায়গা হয়নি হুগো একিটিকের। গোলরক্ষক লুকার শেভালিয়ারও ছিটকে গেছেন চূড়ান্ত দল থেকে।
এদিকে ঘরোয়া ক্লাব পিএসজি থেকে সর্বোচ্চ পাঁচজন ফুটবলার দেশমের দলে জায়গা পেয়েছেন। তারা হলেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে, লুকাস হার্নান্দেজ এবং তরুণ মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরি। দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপ্পে।২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ‘আই’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো ইরাক ও নরওয়ে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্রান্সের পূর্ণাঙ্গ বিশ্বকাপ দল:
গোলকিপার: মাইক ম্যাগনান, রবিন রিসার ও ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এন`গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি।
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন