মে ১৭, ২০২৬, ০৮:০৫ পিএম
আসন্ন বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সাধারণত ক্রিকেট বোর্ডের নির্বাচনে ১৯২ জন ভোটার থাকলেও এবার সেই সংখ্যা কমে ১৮৪ জনে দাঁড়িয়েছে। প্রকাশিত এই তালিকায় সবশেষ বোর্ডের মাত্র পাঁচজন পরিচালকের নাম দেখা গেছে।ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-৩ থেকে মোট আটজন কাউন্সিলরের নাম নির্ধারিত সময়ে জমা পড়েনি।
নাম জমা না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম ও নীলফামারী। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে বরিশাল শিক্ষা বোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকে কোনো নাম আসেনি।
তবে গত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ছিবগাতউল্লাহ এবার বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। অ্যাডহক কমিটির ব্যারিস্টার রাশনা ইমাম, আতাহার আলী খান ও মির্জা সালমান ইস্পাহানি এবার ভোটার তালিকায় জায়গা পাননি। কমিটির বাকি আট সদস্য অবশ্য বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর হতে পেরেছেন।
সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। সবশেষ বোর্ডের পরিচালকদের মধ্যে ফায়াজুর রহমান মিতু, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আবুল বাসার, আমজাদ হোসেন ও শাহনিয়ান তানিম তালিকায় আছেন। এছাড়া কাইয়ুম চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, হানিফ ভূঁইয়া ও আজিজ আল কায়সার টিটোর মতো সাবেক পরিচালকেরাও কাউন্সিলর হয়েছেন। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বরিশাল বিভাগ থেকে এবং সাবেক পেসার রুবেল হোসেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে এসেছেন সানোয়ার হোসেন।
সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন নাজিমউদ্দিন, নাফিস ইকবাল, তালহা জুবায়ের, नाঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন ও শামসুর রহমান শুভ। সাবেক অধিনায়কদের মধ্যে শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার ও মাহমুদউল্লাহ রিয়াদ এবার ভোটার হয়েছেন। আজ খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন