শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, অভিনব ভিডিওতে দল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৩:১৪ পিএম

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, অভিনব ভিডিওতে দল ঘোষণা

নরওয়ে ফুটবল দল

দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য গত রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইউরোপের এই দেশটি। মার্কিন মুল্লুকে অনুষ্ঠেয় এই বিশ্বমঞ্চে দলটিকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।আর্লিং হালান্ড ও ওডেগার্ডের মতো তারকাদের নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজিয়েছে তারা।

সাধারণত সংবাদ সম্মেলন করে দল ঘোষণার রীতি থাকলেও নরওয়ে হেঁটেছে ভিন্ন পথে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে ২ মিনিট ৪৪ সেকেন্ডের একটি বিশেষ ভিডিওর মাধ্যমে দল প্রকাশ করেছে তারা। ভিডিওর শুরুতে একটি রেডিও-টেপরেকর্ডার চালানোর পর ভেসে আসে একটি কণ্ঠ, যেখানে বলা হয়, ২৮ বছর পর তারা বিশ্বকাপে খেলতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটার এই বার্তা দিয়ে শুরু হয় ভিডিওটি।

সেখানে নরওয়ের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কৃষকের লাঙল চাষ, রাস্তায় গাড়ি চালানো কিংবা শিশুদের আইসক্রিম খাওয়ার দৃশ্যের মাঝে তুলে ধরা হয়েছে ফুটবলারদের নাম। এক পর্যায়ে বলা হয়, এটাই আমাদের ফুটবল দল। অধিনায়ক ওডেগার্ডসহ মাঝমাঠ ও আক্রমণভাগে ৭ জন করে ফুটবলার রাখা হয়েছে। রক্ষণভাগে আছেন ৯ জন এবং গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন ৩ জন।

এর আগে ১৯৩৮, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। এটি তাদের চতুর্থ বিশ্বকাপ অভিযান।

আগামী ১৭ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নরওয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ৪৮ দলের এই বিশ্বযজ্ঞ।