জুলাই ৪, ২০২৬, ০৪:১১ এএম
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ৩২ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই লড়াইয়ে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টুর্নামেন্টের অন্যতম বড় চমক কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকান দলটি। আজকের ম্যাচে জয়ী দলটি শেষ ষোলোর লড়াইয়ে আটলান্টায় মিশরের মুখোমুখি হবে।
আর্জেন্টিনার কোচ হিসেবে আজ শততম ম্যাচ পরিচালনা করছেন লিওনেল স্কালোনি। নিজের এই ঐতিহাসিক ম্যাচে তিনি জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পাওয়া দল থেকে ৯ জন খেলোয়াড় পরিবর্তন করেছেন। আগের ম্যাচের দল থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ আজ জায়গা ধরে রেখেছেন।
একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।
জর্ডানের বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে নেমে শেষ দিকে ফ্রি-কিক থেকে চমৎকার গোল করেছিলেন তিনি। আজকের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বকাপে রেকর্ড ৩০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধেছেন লাউতারো মার্তিনেজ। মাঝমাঠ সামলানোর দায়িত্বে আছেন রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা। রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা প্রাচীর গড়েছেন।
অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করা কেপ ভার্দে আজ একাদশে ৫টি পরিবর্তন এনেছে। স্টিভেন মোরেইরা, সিডনি ক্যাবরাল, লারোস দুয়ার্তে, নুনো দা কোস্তা ও জোভানে ক্যাবরাল আজ শুরু থেকেই মাঠে নেমেছেন। দলের মাঝমাঠের মূল দায়িত্ব রয়েছে কেভিন পিনার ওপর, যিনি উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার ঐতিহাসিক গোল করে নজরে এসেছিলেন। গোলবারের নিচে অভিজ্ঞ ভোজিনহার ওপর ভরসা রাখছে দলটি।
প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে এখনো অপরাজিত থাকা আফ্রিকান এই দেশটি আজ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও আরেকটি বিস্ময় উপহার দিতে চায়। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে আটটি গোল করেছে স্কালোনির শিষ্যরা, বিপরীতে হজম করেছে মাত্র একটি। অন্যদিকে কেপ ভার্দে স্পেন ও সৌদি আরবকে গোল করতে দেয়নি, আর শক্তিশালী উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্রুপ এইচ থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে।
মায়ামি স্টেডিয়ামে ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন রেফারি ড্রু ফিশার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন