রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ভোজিনিয়ার অবিশ্বাস্য সেভ, ৭২ মিনিটে সমতায় থাকা আর্জেন্টিনা কি পারবে?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৫:৩৮ এএম

ভোজিনিয়ার অবিশ্বাস্য সেভ, ৭২ মিনিটে সমতায় থাকা আর্জেন্টিনা কি পারবে?

যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ৩২-এর লড়াইয়ে দারুণ উত্তেজনা বিরাজ করছে। ম্যাচের ৭২ মিনিট পেরিয়ে গেলেও দুদল এক-এক গোলে সমতায় রয়েছে। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলে বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো চমকে দিয়েছে আফ্রিকার দলটি।

খেলার ৫৯ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান দেরয় দুয়ার্তে।

সতীর্থ রায়ান মেন্দেসের কাছ থেকে বল পেয়ে লিসান্দ্রো মার্তিনেজের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান তিনি। এই গোলের পর স্টেডিয়ামে উপস্থিত কেপ ভার্দের সমর্থকরা আনন্দে কেঁদে ফেলেন। অন্যদিকে ৬৩ মিনিটে আবার এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু লিওনেল মেসির নেওয়া জোরালো একটি শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিয়ে নায়ক বনে যান কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া।

সমতা ভাঙতে মরিয়া হয়ে ৬৪ মিনিটে জোড়া পরিবর্তন আনে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় হুলিয়ান আলভারেস ও নিকো গঞ্জালেসকে। পিছিয়ে নেই কেপ ভার্দেও, তারা লারোস দুয়ার্তে ও নুনো দা কোস্তাকে তুলে নিয়ে মাঠে নামিয়েছে জামিরো মন্তেইরো ও দাইলন লিভরামেন্তোকে।

খেলার ৬৮ মিনিটে বিপজ্জনক জায়গায় লিওনেল মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কেভিন পিনা। সেখান থেকে পাওয়া ফ্রি-কিকে মেসি শট নিলেও তা কেপ ভার্দের রক্ষণপ্রাচীরে বাধা পাওয়ায় হতাশ হয় আর্জেন্টাইনরা।