জুলাই ৪, ২০২৬, ০৬:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ৩২ দলের ম্যাচে চলছে চরম উত্তেজনা। অতিরিক্ত সময়ে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে চমক জাগানো কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসির দারুণ এক পাস থেকে ১১১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এই ডিফেন্ডার।
এর আগে ১০৩ মিনিটে বদলি খেলোয়াড় সিডনি ক্যাবরালের গোলে ২-২ সমতায় ফিরেছিল কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফিরে গ্যালারিতে বসা প্রায় ৬৪ হাজার দর্শককে মুগ্ধ করেছিল আফ্রিকার দলটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে গড়িয়েছিল ম্যাচটি। ৯২ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে দ্বিতীয়বারের মতো লিড নিয়েছিল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের ২৯ মিনিটে মেসির করা প্রথম গোলের জবাব ৫৯ মিনিটে দিয়েছিলেন দেরয় দুয়ার্তে।
এখন শেষ ষোলোর টিকিট পেতে এই ৩-২ গোলের লিড ধরে রাখার কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে। এই ম্যাচে জয়ী দলটি পরবর্তী রাউন্ডে মিশরের মুখোমুখি হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন