শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৭:৫৮ পিএম

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাকেতার চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে দলের ভেতরের সূত্রের বরাতে জানা গেছে, ব্রাজিল যদি এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারে, তবে এবারের বিশ্বকাপে পাকেতার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্যের ছিটকে যাওয়া দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে পাকেতা শুরুর একাদশে ছিলেন। তবে ম্যাচের বিরতির পরেই চোটের কারণে তাঁকে তুলে নিতে হয়। বর্তমানে তিনি চোট থেকে সেরে ওঠার জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

পাকেতার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তির সামনে একাদশ সাজাতে একাধিক বিকল্প রয়েছে। তিনি কৌশলে পরিবর্তন এনে দানিলো সান্তোস, এন্দ্রিক বা গাব্রিয়েল মার্তিনেল্লিকে সুযোগ দিতে পারেন। এছাড়া ঊরুর চোট কাটিয়ে রাফিনিয়া ব্যক্তিগত অনুশীলন শুরু করলেও নরওয়ের ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।