রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১১:৫৭ পিএম

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে দারুণ এক সুখবর এলো। দলের প্রধান তারকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং ম্যাচের পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে আগের ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও, নরওয়ের বিপক্ষে নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে শুরু থেকেই পাওয়ার আশা করছে সেলেসাওরা।

ব্রাজিলিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘ফোলিয়া দে সঁ পাওলো’-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের শারীরিক ও মানসিক একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত। আনচেলত্তি বলেন, মাঠের বাইরে মানুষ হিসেবে নেইমার যেমন বিনয়ী, তেমনি দলের জনপ্রিয় খেলোয়াড়। সে আমাদের জন্য একটি বড় সম্পদ এবং তার পেশাদারিত্ব অনবদ্য।

কোচ আনচেলত্তি ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ ধরে রাখার গুরুত্ব নিয়েও কথা বলেছেন। তিনি জানান, ক্যারিয়ারে অনেক অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। তাই নকআউট পর্বে নরওয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কোনো ভুল করতে রাজি নন তিনি।

প্রতিপক্ষ নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। তিনি বলেন, নরওয়ে একটি গোছানো দল এবং তাদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। হালান্ড এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তবে ব্রাজিল নিজেদের সেরা ফুটবলটা খেলতে প্রস্তুত। আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর এই লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল।