জুলাই ৫, ২০২৬, ০৫:৩০ পিএম
বিশ্বকাপের শেষ ষোলোর আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আর্লিং হালান্ডের নরওয়ের মধ্যে কে পাবে শেষ আটের টিকিট, তা নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। এমন উত্তেজনার মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ম্যাচটির সম্ভাব্য ফলাফল, গোলসংখ্যা ও গোলদাতাদের নিয়ে একটি পূর্বাভাস প্রকাশ করেছে।এআইয়ের বিশ্লেষণে নকআউট পর্বের এই লড়াইয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি এবং সম্ভাব্য একাদশ বিবেচনায় ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৮ শতাংশ বলে জানিয়েছে। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২০ শতাংশ এবং নির্ধারিত ৯০ মিনিটে ড্র হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ ধরা হয়েছে।
এআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি ২-১ গোলে ব্রাজিলের পক্ষে শেষ হতে পারে। গোলদাতার তালিকায় ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের নাম এসেছে, যাদের একজনের গোল করার সম্ভাবনা বেশি। নরওয়ের হয়ে গোল করতে পারেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে পরিসংখ্যান ব্রাজিলের জন্য কিছুটা সতর্কবার্তাও দিচ্ছে। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত স্মৃতি খুব একটা সুখকর নয়।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিল এখন পর্যন্ত কোনো জয় পায়নি। তাই কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াই যে কঠিন হবে, সেটিই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। শেষ পর্যন্ত এআইয়ের পূর্বাভাস সঠিক হয় নাকি নরওয়ে ইতিহাস তৈরি করে, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন