জুলাই ৮, ২০২৬, ০২:১৬ পিএম
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। ১৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তার নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তটি নিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, "পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শটটি নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।"
তবে মেসির সেই পেনাল্টি মিসের আক্ষেপ ভুলিয়ে দেয় দলের দুর্দান্ত পারফরম্যান্স। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির একটি গোল ও একটি অ্যাসিস্ট দলের জয়ে বড় ভূমিকা রাখে।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মেসি বলেন, "২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসা কখনোই সহজ নয়। পরের রাউন্ডে উঠতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, তা ছিল দারুণ রোমাঞ্চকর।"
এই ম্যাচে ইতিহাসও গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবারের মতো দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জেতার রেকর্ড গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এই অদম্য মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, "এই দলটি আবারও প্রমাণ করেছে তারা লড়াই করতে জানে। তারা বিশ্বাস ধরে রাখতে জানে। তাদের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করতে প্রস্তুত।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন