শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচে পাঁচজন রেফারিকেই আর্জেন্টিনা থেকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। ফিফার এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে।এটি ফিফার সাধারণ নীতিমালার পরিপন্থী।আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী মাঠে থাকা প্রধান রেফারি ও দুজন সহকারী রেফারি সাধারণত একই দেশের হয়ে থাকেন। 

ভাষাগত যোগাযোগের সুবিধার জন্য এই নিয়ম মানা হয়। কিন্তু চতুর্থ ও পঞ্চম রেফারি ভিন্ন দেশের হলেও একই ভাষাভাষী হওয়ার কথা।আগের ম্যাচগুলোতে ভিন্ন দেশের রেফারির মিশ্রণ দেখা গেছে। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে প্রধান তিনজন রেফারি ফ্রান্সের এবং বাকি দুজন নরওয়ের ছিলেন।

নিয়ম অনুযায়ী ফ্রান্স ও মরক্কোর ম্যাচে ইউরোপ বা আফ্রিকার কোনো রেফারি থাকতে পারবেন না। তাই দক্ষিণ আমেরিকা থেকে রেফারি নিয়োগ সম্পূর্ণ বৈধ। কিন্তু উরুগুয়ের মতো স্প্যানিশ ভাষাভাষী দেশ থেকে রেফারি না এনে সবাইকে আর্জেন্টিনা থেকে আনাটা প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ড প্রত্যাহারের ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। মাঠের ভেতরের যেকোনো সিদ্ধান্ত আইন অনুযায়ী ব্যাখ্যা করা গেলেও রেফারি নিয়োগের এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।