জুলাই ৮, ২০২৬, ০৬:১৬ পিএম
আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মিসর। মাঠের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ফরাসি রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোকে ঘিরে। গোল বাতিল, পেনাল্টি না পাওয়া এবং ম্যাচ ‘পাতানো’—এমন নানা অভিযোগে উত্তপ্ত মিসরীয় শিবির। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মিসরের কোচ হোসাম হাসানের একটি অঙ্গভঙ্গি।
ম্যাচ চলাকালে রেফারির একের পর এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডাগআউট থেকে দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেখান হোসাম। পরে মাথার ওপরেও একই সংকেত প্রদর্শন করেন তিনি। এর কিছুক্ষণ পরই রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
প্রশ্ন উঠেছে, এই সংকেতের অর্থ কী? ফিফার বর্ণবাদবিরোধী নতুন প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ কিংবা ম্যাচ কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত ব্যবহার করতে পারেন। এমন সংকেত পেলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করেন এবং প্রয়োজনে খেলা বন্ধ রাখতে পারেন। অভিযোগের সত্যতা মিললে ম্যাচ স্থগিত এমনকি পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রেফারির রয়েছে।
তবে ফিফার বর্তমান নির্দেশিকায় শুধু এই সংকেত প্রদর্শনের কারণে কোচকে হলুদ কার্ড দেখানোর বিধান নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, সেটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মিসরের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি, ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দেখানো হয়েছিল। ফিফাও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। সব মিলিয়ে রেফারিং বিতর্কের পাশাপাশি এই ‘এক্স’ সংকেত এবং হলুদ কার্ডের ঘটনা বিশ্বকাপের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন