জুলাই ১০, ২০২৬, ১১:৪৭ এএম
টানা ষষ্ঠ বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের ফুটবল সমর্থকদের মধ্যে হতাশা এখন তুঙ্গে। অরবিট ডাটা সায়েন্সের এক সমীক্ষা অনুযায়ী, আলোচনায় অংশ নেওয়া ব্রাজিলিয়ানদের ৪১ শতাংশের বিশ্বাস, তাদের জাতীয় দল আর কখনোই বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না। নরওয়ের কাছে শেষ ষোলো থেকে বিদায়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের এই নেতিবাচক প্রতিক্রিয়ার হার ব্যাপকভাবে বেড়েছে।জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এই গভীর আস্থার সংকট সেলেসাও সমর্থকদের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সমীক্ষাটি পরিচালনার জন্য গত ২০ এপ্রিল থেকে ৬ জুলাই পর্যন্ত টিকটক, এক্স এবং ইনস্টাগ্রামে প্রকাশিত সাত হাজার ৮৫৫টি মন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৫৪ শতাংশ মন্তব্যে হতাশার চিত্র উঠে এসেছে। ১৩ শতাংশ সমর্থক আশঙ্কা প্রকাশ করেছেন যে তাদের জীবদ্দশায় হয়তো সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয় আর দেখা হবে না। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর সমর্থকদের এই প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র আকার ধারণ করে।
খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে হওয়া আলোচনার ১৯ শতাংশ নেতিবাচক মন্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন লুকাস পাকেতা। দলের কোচ কার্লো আনচেলত্তির কৌশল এবং বিদেশি কোচ নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন ১২ শতাংশ সমর্থক। সমর্থকদের একাংশের মতে, ব্রাজিলের মতো ফুটবল ঐতিহ্যের দেশের জাতীয় দলের দায়িত্ব একজন বিদেশির হাতে থাকায় দলের অঙ্গীকারে ঘাটতি দেখা দিয়েছে।
তবে হতাশার বিপরীতে নতুন প্রজন্মকে ঘিরে আশার আলোও রয়েছে। ৩২ শতাংশ সমর্থক মনে করেন নেইমারের জাতীয় দলের অধ্যায় এখন সমাপ্তির পথে। এনদ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র ও মার্তিনেল্লিকে নিয়ে ব্রাজিলিয়ানরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। ভবিষ্যতে এই তরুণরাই সেলেসাওদের নতুন যুগের প্রধান প্রতিনিধি হিসেবে ব্রাজিল ফুটবলকে ফিরিয়ে আনবেন বলে অনেকেই বিশ্বাস করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন