শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১১:০০ এএম

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে দলকে জয় এনে দেন মিকেল মেরিনো। অন্যদিকে, বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।গত তিন বছরে এটি হবে স্পেন ও ফ্রান্সের তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এই সাফল্যের ইতিহাসই স্পেনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর ইয়ামাল সাংবাদিকদের বলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পাওয়ার মতো কোনো দল মনে করে, তাহলে সেই দলটি আমরা। আমরা তাদের আগে বিদায় করেছি। আমরা তাদের দুইবার হারিয়েছি। আমার মনে হয় এই বিশ্বকাপের সেরা দুটি দল আমরা ও ফ্রান্স। এখন দেখা যাক কী হয়, তবে আমাদের কোনো ভয় নেই।

এটি বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে। অন্যদিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া এবং চার বছর আগে কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চাইছে ফ্রান্স।স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন, আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম। আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। ম্যাচটি হবে শক্তি ও গতির লড়াই।

বিশ্বকাপ শুরুর আগে স্পেন অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হলেও এখন পর্যন্ত তারা নিজেদের সেরা ছন্দ পুরোপুরি খুঁজে পায়নি। যাত্রা শুরু করেছিল কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে। এরপর নকআউট পর্বে উঠতে তাদের শেষ মুহূর্তের গোলের প্রয়োজন হয়েছে। তবে ইয়ামাল মনে করেন, প্রতিপক্ষ রক্ষণাত্মক খেলাতেই তাদের সেরাটা দেখানো কঠিন হচ্ছে।সোমবার ১৯ বছরে পা রাখা এই উইঙ্গার বলেন, সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। আমরা অনেক দিন ধরে এখানে আছি এবং এখন ফাইনাল পর্যন্ত থাকতে চাই।