জুলাই ১২, ২০২৬, ১২:২৬ পিএম
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াইয়ে মাঠের খেলার পাশাপাশি নজর কেড়েছে রেফারির সঙ্গে লিওনেল মেসির উত্তপ্ত বাগবিতণ্ডা। প্রথমার্ধের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। রেফারির কথা বলার ধরন নিয়েই মূলত আপত্তি ছিল তাঁর।
ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগে। মেসিকে তাঁর রক্ষণ দেওয়াল থেকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি। কিন্তু রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি মেসির। সঙ্গে সঙ্গেই তিনি সরাসরি বলে ওঠেন, `আমাকে সম্মান দিয়ে কথা বলো।`
ফ্রি কিক নেওয়ার পরও দুজনের মধ্যে আরও একবার কথা কাটাকাটি হতে দেখা যায়। রেফারির কাছে এগিয়ে গিয়ে মেসি স্পষ্টভাবে বলেন, `আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।`তবে উত্তপ্ত পরিস্থিতিতেও পুরো সময়টায় শান্ত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। হাত পেছনে রেখে সংযত আচরণ বজায় রাখেন তিনি।
পর্তুগালের রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর বয়স ৩৮ বছর। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় রেফারি হিসেবে বিবেচিত তিনি। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মতো বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন তিনি। এই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেসি ও রেফারির এই বাগবিতণ্ডার ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাঠের উত্তেজনার মাঝেও আর্জেন্টাইন অধিনায়কের ব্যক্তিত্ব ও সংযত আচরণের প্রশংসায় মুখর হয়েছেন ভক্তরা। খেলার কৌশলগত লড়াইয়ের পাশাপাশি রেফারির সঙ্গে এই ঘটনাটি ম্যাচটিতে বাড়তি উত্তাপ ছড়িয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন