আগস্ট ১৩, ২০২৬, ১২:১০ এএম
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর থেকেই দলটির পারফরম্যান্স ও ম্যাচ হার নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে ম্যাচটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। তবে এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ভেতরের চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছেন সাংবাদিক রেনজো পান্তিচ।ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে দলের ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলো এবার প্রকাশ্যে এসেছে।
রেনজো পান্তিচ স্পষ্ট জানিয়েছেন যে কারচুপির কোনো তত্ত্বের সত্যতা নেই, বরং ম্যাচের আগে শারীরিক ধকল ও চোটের কারণে দলটি চরম সংকটে ছিল। ওয়ার্মআপের সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা পেশিতে টান অনুভব করেন। এর মধ্যে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত করা গেলেও তৃতীয় আরেকজন খেলোয়াড় ক্লান্তিতে ভুগছিলেন বলে জানান তিনি। টানা ম্যাচ খেলার ক্লান্তি এবং প্রতিপক্ষ দলের শক্তিমত্তা বিবেচনা করেই কোচ স্কালোনি কিছুটা রক্ষণাত্মক কৌশল বেছে নেন।
পুরো ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত টেনে নেওয়ার পরিকল্পনা করেছিলেন কোচ।তবে কোচের এই রক্ষণাত্মক কৌশলের সঙ্গে দলের সব ফুটবলার একমত হতে পারেননি। গোলকিপার দিবু মার্তিনেজসহ অন্য এক খেলোয়াড় আক্রমণাত্মক ফুটবল খেলার পক্ষে জোরালো মত দেন এবং বিশ্বকাপ ফাইনালে জেতার জন্য আক্রমণ করার মানসিকতার কথা জানান।
কৌশলগত এই মতবিরোধ ও উত্তেজনার মধ্যেই অধিনায়ক লিওনেল মেসি দলের বাকিদের শান্ত থাকার আহ্বান জানান। সব ভুলে মাঠে নেমে স্বাভাবিক খেলা উপহার দেওয়ার জন্য তিনি সতীর্থদের উৎসাহিত করেন।খেলার আগের এই ড্রেসিংরুমের অভ্যন্তরীণ আলোচনা ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন