সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:০৯ এএম
এশিয়ান গেমসের ক্রিকেট মঞ্চে আবহাওয়ার বৈরী রূপ বড় এক নির্ধারক হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের জন্য বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও পিছিয়ে থাকা দলের সামনে তা তৈরি করছে বিদায়ের শঙ্কা। এই নিয়মের সুবাদেই কোয়ার্টার ফাইনালের ম্যাচ না খেলেই মালয়েশিয়াকে বিদায় করে সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ চারের লড়াইয়ে সেই একই সমীকরণ এখন লিটন দাসের দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে।
জাপানের নিশিনে অবিরাম বৃষ্টির কবলে পড়ে টুর্নামেন্টের একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হতে যাওয়া সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম এবং পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। ফলে প্রতিকূল আবহাওয়ার কারণে সেমিফাইনাল ম্যাচটি যদি শেষ পর্যন্ত পুরোপুরি পণ্ড হয়ে যায়, তবে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে যাবে এবং সোনার পদক জয়ের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ।
অতীতেও বৈরী আবহাওয়া ও অদ্ভুত নিয়মের নির্মম শিকার হতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৪ সালের এশিয়ান গেমসের আসরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে টস ভাগ্যে হেরে ছিটকে যেতে হয়েছিল লাল-সবুজ প্রতিনিধিদের। এবারও সেই বৃষ্টির শঙ্কা ও র্যাঙ্কিংয়ের ফাঁদে আটকা পড়েছে দল। এর পাশাপাশি জাপানে পৌঁছানোর পর প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যাপ্ত অনুশীলনের সুযোগও পাননি বাংলাদেশি ক্রিকেটাররা। যা কিছুটা অনুশীলন হয়েছে তা-ও করতে হয়েছে ফুটবল মাঠে, যা নেটে ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতি ঘাটতি মেটাতে পারেনি। আবহাওয়া অনুকূলে এসে মাঠের খেলা শুরু হলেও লড়াইটি মোটেও সহজ হবে না।
বাবর আজম কিংবা সালমান আল আগার মতো শীর্ষ তারকারা স্কোয়াডে না থাকলেও পাকিস্তান বেশ ভারসাম্যপূর্ণ ও শক্ত দল নিয়ে টুর্নামেন্টে এসেছে। ওপেনার সাহিবজাদা ফারহানের নেতৃত্বে মাঠে নামবে দলটি। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সম্প্রতি সেঞ্চুরি হাঁকানো তরুণ মাজ সাদাকাত এবং মারকুটে ব্যাটার সাইম আইয়ুব। মিডল অর্ডারের শক্তি বাড়াতে আছেন হায়দার আলী, হাসান নেওয়াজ ও আবদুল সামাদের মতো আগ্রাসী ব্যাটার। এর সাথে উইকেটের পেছনে ও ব্যাটিংয়ে দায়িত্ব সামলাবেন জাতীয় দলের নিয়মিত মুখ উসমান খান।
বোলিং বিভাগেও শক্ত ভিত গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনার আবরার আহমেদের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন আরাফাত মিনহাস ও সুফিয়ান মুকিম। অন্যদিকে পেস বিভাগে গতির ঝড় তুলতে প্রস্তুত আকিফ জাভেদ ও তরুণ পেসার আলী রাজা। বিশেষ করে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকায় টাইগার ব্যাটারদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বেশ ওয়াকিবহাল আকিফ জাভেদ। প্রকৃতির খামখেয়ালিপনা আর মাঠে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ চ্যালেঞ্জ জোড়া পরীক্ষার মুখে ফেলেছে বাংলাদেশকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন