রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ফুলবাড়ীর আন্দোলন শুধু কয়লা রক্ষা নয়, দেশের পরিবেশ ও সম্পদ সুরক্ষার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:১২ পিএম

ফুলবাড়ীর আন্দোলন শুধু কয়লা রক্ষা নয়, দেশের পরিবেশ ও সম্পদ সুরক্ষার

ছবি-দিনাজপুর টিভি

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা বলেছে, ফুলবাড়ীর আন্দোলন শুধু কয়লা রক্ষার আন্দোলন ছিল না, বরং এটি ছিল বাংলাদেশের পরিবেশ, কৃষি, পানিসম্পদ ও মানবাধিকার সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর মধ্যে একটি।

আজ বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নিমতলা মোড়ে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের গত ৬ ডিসেম্বর ফেসবুক ভেরিফাইড পেইজে ফুলবাড়ী নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের কঠোর প্রতিবাদ জানানো হয়।

সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, প্রেস সচিবের এই বক্তব্য গত দুই দশকের জ্বালানি খাতের 'মেধাগত দেউলিয়াত্ব' এবং 'আমদানি-নির্ভর লুটপাটতন্ত্র' আড়াল করার অপকৌশল। এটি জল-জমি-জীবন এবং জাতীয় সম্পদ কয়লা রক্ষায় ২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী আন্দোলন এবং ৩ শহীদকে হেয় করেছে, যা চরম ধৃষ্টতা।তিনি আরও বলেন, এশিয়া এনার্জি (জিসিএম) আগামী ১৭ ডিসেম্বর লন্ডনে বার্ষিক সাধারণ সভায় ফুলবাড়ীকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে যাচ্ছে। তাদের এই সাধারণ সভার পূর্বে প্রেস সচিবের বক্তব্য দেশের স্বার্থ বিকিয়ে বিদেশী কোম্পানির সাথে গোপন আঁতাতের ইঙ্গিত দেয়।

জাতীয় কমিটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেশবিরোধী দেশি ও বিদেশী ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থ রক্ষা এবং এশিয়া এনার্জির সভার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।প্রেস সচিবের বক্তব্যের প্রতিবাদে এবং বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় ফুলবাড়ী নিমতলা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

১. অবিলম্বে প্রেস সচিব শফিকুল আলমের ফুলবাড়ী নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। ২. ২০০৬ সালের ৩০শে আগস্ট স্বাক্ষরিত ফুলবাড়ী ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ৩. অবৈধভাবে কয়লাখনি দেখিয়ে লন্ডনে শেয়ার ব্যবসা বন্ধ ও জালিয়াতি কোম্পানি এশিয়া এনার্জিকে চিরতরে বহিষ্কার করতে হবে। ৪. ফুলবাড়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৫. বড়পুকুরিয়ার উত্তরাংশে উন্মুক্ত কয়লাখনি করার চক্রান্ত বন্ধ করতে হবে। ৬. জাতীয় কমিটি প্রস্তাবিত পরিবেশবান্ধব, সুলভ ও টেকসই জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।