ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:২৭ পিএম
দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে নতুন ভবনের নির্মাণকাজ ও সেফটি ট্যাংক খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের পাশে স্তূপ করে রাখা হয়েছিল। মাটির স্তূপের অতিরিক্ত চাপে একপর্যায়ে সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে।
এসময় প্রাচীরের পাশে অবস্থানরত ৫ জন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সিমা আক্তার (৬০) নামে এক নারীর অবস্থা গুরুতর। এছাড়া মিলি আক্তার (৫০), নাহার বেগম (৪০) এবং নাহারের ছেলে পাবেল (১২) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে ঝুঁকিপূর্ণভাবে মাটি স্তূপ করে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন