রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

এপ্রিল ৪, ২০২৬, ০৩:৪৪ পিএম

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইনের সহযোগিতায় জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের তিন দিনব্যাপী বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী রোগীরা অংশ নেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো এসব রোগীদের বিনামূল্যে অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ ফ্রি প্রদান করা হয়েছে। এছাড়া হাসপাতালে অবস্থানকালীন সময়ে রোগীদের খাবার এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জন্য যাতায়াত ভাড়ার ব্যবস্থাও করেছে আয়োজক কর্তৃপক্ষ।

এই সেবামূলক কার্যক্রম সম্পর্কে অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, তারা প্রতি মাসেই নিয়মিতভাবে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই ক্যাম্প পরিচালনা করেন। তার মেডিকেল টিমের সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ সময় ধরে শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। 

এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো অর্থাভাবে সঠিক চিকিৎসা না পাওয়া শিশুদের মুখে হাসি ফোটানো।অপারেশন পরবর্তী সময়ে রোগীদের এবং তাদের অভিভাবকদের বিশেষ কাউন্সিলিং করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলেন, জন্মগত ঠোঁট কাটা বা তালু কাটা এখন আর কোনো অভিশাপ নয়। সঠিক সময়ে সুচিকিৎসা পেলে এই শিশুরা সমাজের অন্য দশটি স্বাভাবিক শিশুর মতো বেড়ে উঠতে পারে। ইতিমধ্যে এই ক্যাম্পের মাধ্যমে সেবা গ্রহণ করে অনেক শিশু স্বাভাবিক জীবনে ফিরে গেছে।

যারা এ ধরনের সমস্যায় ভুগছেন এবং পরবর্তী ক্যাম্পের জন্য সিরিয়াল দিতে ইচ্ছুক, তাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন চিকিৎসক। আর্তমানবতার সেবায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সমন্বিত প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত বিরতিতে চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।