রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না: সমাজকল্যাণ মন্ত্রী

মো: মামুনুর রশিদ

এপ্রিল ৪, ২০২৬, ০৩:৪৯ পিএম

রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ছবি-দিনাজপুর টিভি

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না। বিএনপি দেশের মানুষের জন্য যা প্রতিশ্রুতি দেয়, সেটিই বাস্তবায়ন করে। দলটির নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।শনিবার দিনাজপুরের শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা সমাজকল্যাণ কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমগুলোর মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তৃতাকালে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি যে জাতীয় সনদে সই করেছে, তা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। বিএনপি এই দলিলকে যথাযথ সম্মান করে এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি যা বলে তাই করে—এটিই দলের দীর্ঘদিনের ইতিহাস।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের আগে বিএনপি যে রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে, জনগণ তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে। যার ফলে বিএনপি আজ দেশ পরিচালনার দায়িত্বে এসেছে। যে জনগণ ভোট দিয়ে দলকে ক্ষমতায় এনেছে, তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হবে না। যারা বর্তমানে সমালোচনা করছেন, তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ সচেতন বলে তিনি মন্তব্য করেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। এছাড়া অনুষ্ঠানে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক এবং পুলিশ সুপার জেদান আল মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

এদিনের আয়োজনে জেলার মোট ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের প্রতিনিধিদের হাতে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে একদিকে যেমন অসহায় ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর সরকারি উদ্যোগ প্রতিফলিত হয়েছে, তেমনি সরকারের উন্নয়ন ও সেবামূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।