এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩৯ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজে অত্যন্ত বর্ণাঢ্য ও আবেগঘন পরিবেশে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন হয়। রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি`র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাউছার শেখ।
"Our Journey Ends Here" এই আবেগপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদায়ী এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের দীর্ঘ পথচলার নানা স্মৃতিচারণ করেন।
দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব আর প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে যাওয়ার মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষকদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে তারা তাদের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি (অধ্যক্ষ) মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান।
এ ছাড়াও উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আনুষ্ঠানিক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সময় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। সবশেষে একটি বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন