জুন ৩০, ২০২৬, ১১:০১ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুর ২টায় পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করা হয়। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শামিউল ইসলাম এই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নকে এই বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১ থেকে ৫ কোটি ৯১ লাখ ৭১ হাজার ৪০ টাকা, উপাংশ-২ থেকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও এই অনুষ্ঠানে পেশ করা হয়।
অন্যদিকে মোট ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে ৬২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১ এ ৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৮৮ টাকা, উপাংশ-২ এ ১ লাখ ১৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ১১৭ টাকা।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক শামিউল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে এই বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আশরাফ পারভেজ এবং এতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ও বাতাডং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন