রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া

আজহারল ইসলাম সাথী

নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৫১ পিএম

ঘোড়াঘাটে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটের হাট-বাজার ও কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজির দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা এই মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সবজির দাম সামান্য কমলেও এখনও তা নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত চড়া।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে তাদের বেশি দামে কাঁচামাল কিনতে হয়, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে। একজন সবজি বিক্রেতা ফারুক বলেন, "গ্রাম থেকে যে দামে কাঁচামাল আসে, তার কয়েকগুণ বেশি দামে বিক্রয় হয়ে বাজারে পৌঁছায়। এর ফলে দাম ক্রেতাদের নাগালে আসছে না।"

দাম-দরের চিত্র:

সবজির নাম প্রতি কেজি/পিস মূল্য (টাকা)
ফুলকপি (প্রতি পিস) ৪০ - ৫০
বাঁধাকপি (প্রতি পিস) ৪০ - ৫০
বেগুন ৫০ - ৬০
করলা ৬০ - ৮০
ঢ্যাঁড়শ/ওল/পটোল/লতি ৬০
মিষ্টি কদু (প্রতি কেজি) ৩০ - ৪০
বরবটি ৫০
মুলা ৪০
ধুন্দুল ৫০ - ৬০
শিম ১০০ - ১২০
শালগম ৭০ - ৮০
গাজর ৮০
শসা ৫০
কাঁচা মরিচ ১২০ - ১৪০
পেঁপে ২০ - ৩০
পেঁয়াজ ১০০ - ১২০
আলু ২৫ - ৩০
ধনে পাতা ১০০
লাউ (প্রতি পিস) ৫০ - ৬০
লেবু (প্রতি ডজন) ৬০

শাক ও অন্যান্য পণ্য:

আগের তুলনায় শাকের দাম কিছুটা কমেছে। লালশাক, পুঁইশাক, মুলাশাক, ডাঁটাশাক, কলমি শাক এবং পালংশাক প্রতি আঁটি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম পাইকারি বাজারে বেশি থাকার কারণে খুচরা বাজারেও প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা নরেন বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি এলেও দাম এখনও কমেনি। অনেক সবজির দাম হয়তো সামান্য কমেছে, তবে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে দাম আরও কমানো প্রয়োজন।