মে ২৩, ২০২৬, ০৬:৫৫ পিএম
দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারে ৪০ টাকা কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে যে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম প্রায় ৪০ টাকা অর্থাৎ ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে এই তেলের দামের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে দেশের বাজারেও এই নতুন মূল্য সমন্বয় করা হলো।আজ মধ্যরাত ১২টার পর থেকেই নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হবে।
নতুন নির্ধারিত সূচি অনুযায়ী অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার।
এর আগে চলতি মাসের ৭ই মে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল ১ দশমিক ৩৩৮৫ ডলার। সে হিসেবে আন্তর্জাতিক ফ্লাইটেও প্রতি লিটারে দশমিক ২৫৬ ডলার দাম কমেছে।চলতি মাসের শুরুতে এই জ্বালানির দাম বাড়ানো হলেও মাসের শেষ ভাগে এসে তা আবার কমানো হলো।
আন্তর্জাতিক বাজারের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিইআরসি। পরবর্তী নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত এই মূল্যই দেশের সব বিমানবন্দরে বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। এই মূল্য হ্রাসের ফলে অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট খাতের সাধারণ ব্যবসায়ীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন