অক্টোবর ১, ২০২৬, ০২:৩৫ পিএম
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি রোধ এবং আক্রান্ত রোগী শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে পাঁচ লাখ ডেঙ্গু এনএসওয়ান র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট হস্তান্তর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কর্মসূচির আওতায় এই চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে এসব কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা। হস্তান্তর কার্যক্রম শেষ হওয়ার পরপরই এসব কিট সারাদেশে দ্রুত বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
যানজট ও যাতায়াতের সুবিধার কারণে কুর্মিটোলা হাসপাতালে অনুষ্ঠান আয়োজন করা হলেও প্রাপ্ত সব সরঞ্জাম সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা রাখা হবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চাহিদা অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এসব কিট পৌঁছে দেওয়া হবে। নতুন পাওয়া এই সামগ্রীর বাইরেও সরকারি খাতে বর্তমানে পর্যাপ্ত অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
দেশের যেকোনো প্রান্তে ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও সার্বিক পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশে ডেঙ্গুর টিকা চালুর সম্ভাব্যতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষয়টি সরকারের বিবেচনায় থাকলেও টিকার উচ্চমূল্যের কারণে এর কার্যকারিতা ও নিরাপত্তা আগে নিশ্চিত হওয়া জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ভ্যাকসিন জোট গ্যাভির সাথে সরকারের আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন