এপ্রিল ৮, ২০২৬, ০৩:১০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজপথ। বিশেষ করে ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিন ৯ এপ্রিলকে কেন্দ্র করে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে শাহবাজ শরিফ সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে রাওয়ালপিন্ডি শহরে আগামী ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞার ফলে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি আদায় করতে চায়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এ বিষয়ে প্রশাসনের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া উচিত।
তবে সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মূলত বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ।রাজপথের এই চরম উত্তেজনার মধ্যেই আইনি লড়াইয়ে ইমরান খানের জন্য কিছুটা ইতিবাচক খবর এসেছে ইসলামাবাদ হাইকোর্ট থেকে। ১৯০ মিলিয়ন পাউন্ডের বহুল আলোচিত দুর্নীতি মামলায় কারাবন্দি ইমরানের সঙ্গে তাঁর আইনজীবীদের সাক্ষাতের বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন আইনজীবীরা নিয়মিত তাদের মক্কেলের সঙ্গে আইনি পরামর্শ করতে পারেন। আদালতের এমন পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে, এই মামলার নিষ্পত্তি হয়তো দ্রুত সময়ের মধ্যেই হতে পারে।একদিকে প্রশাসনের কঠোর ব্যারিকেড আর অন্যদিকে রাজপথে নামার অনড় ঘোষণা—সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৯ এপ্রিলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাজ সরকার ও পিটিআইয়ের মধ্যে একটি বড় ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। আগামীকালকের কর্মসূচিকে ঘিরে রাওয়ালপিন্ডি ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন