রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করার বিষয়ে গোপন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৯:১৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করার বিষয়ে গোপন আলোচনা

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই নেতার কারাজীবনের তিন বছর পূর্ণ হতে চলাকালীন ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এই আলোচনা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এই যোগাযোগের সূত্র তৈরি হয়েছে। স্বাস্থ্যগত কারণে ৭৩ বছর বয়সী এই নেতাকে মুক্তি দেওয়া একটি সম্ভাব্য পথ হতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর চোখের অস্ত্রোপচার ও পরিবারের সঙ্গে যোগাযোগের ওপর কড়াকড়ির কারণে শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আত্মীয়স্বজন ও সহকর্মীরা।

ইমরান খানের দুই ছেলে যৌথ বিবৃতিতে তাঁদের বাবার নির্জন কারাবাস ও স্বাস্থ্য ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া তাঁর আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টাও দ্রুত সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়েছেন।রাজনৈতিক অস্থিরতা কাটাতে এই আলোচনা কতদূর এগোয়, সেটাই এখন দেখার বিষয়।