রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা, যা জানালেন পাক তথ্যমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:২১ পিএম

হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা, যা জানালেন পাক তথ্যমন্ত্রী

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে বিশেষ নিরাপত্তায় হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমন্ত্রী জানান, ইমরান খানের শারীরিক অবস্থা এবং চোখের সমস্যা নিয়ে তার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করার পর সরকারি সিদ্ধান্তে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

তিনি বলেন, প্রথমে চক্ষু বিশেষজ্ঞরা আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানকে পরীক্ষা করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স’ (পিমস) হাসপাতালে নেওয়া হয়।

আতাউল্লাহ তারার আরও জানান, গত শনিবার রাতে ইমরান খানের চোখের বিশদ পরীক্ষা করা হয়েছে। প্রায় ২০ মিনিটের পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনাসহ তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়। তিনি জোর দিয়ে বলেন, “ইমরান খান বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। জেলের নিয়ম মেনে সকল বন্দির মতো তাকেও নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রদান করা হচ্ছে।

এর আগে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান এবং ইমরান খানের বোনেরা তার চোখের ‘রেটিনাল ভেইন অক্লুশন’ (CRVO) নামক জটিল সমস্যার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। পিটিআই দাবি করেছিল, সঠিক চিকিৎসা না পেলে ইমরান খান চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। তথ্যমন্ত্রীর এই বিবৃতির মাধ্যমে সরকার মূলত সেই উদ্বেগ নিরসনের চেষ্টা করেছে। তবে পিটিআই নেতারা এখনও দাবি করছেন যে, সরকারি চিকিৎসকদের পাশাপাশি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমেও তাকে পরীক্ষা করার সুযোগ দেওয়া হোক। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে তোশাখানা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দি আছেন এই ক্রিকেট তারকা ও রাজনীতিক।