রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ইরান যুদ্ধে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হারিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:১৬ পিএম

ইরান যুদ্ধে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হারিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধবিমান

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ক্ষতিগ্রস্ত এসব সামরিক সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান ও উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন রয়েছে।

ধ্বংস হওয়া বা ক্ষতিগ্রস্ত এসব বিমানের মধ্যে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল এবং ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন অন্যতম।সিআরএস জানিয়েছে, পেন্টাগন ও সেন্টকমের বিবৃতি এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। 

তবে যুদ্ধক্ষেত্রের চলমান পরিস্থিতি ও তথ্যের গোপনীয়তার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে সংস্থাটির ধারণা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’র সামরিক খরচ ইতিমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট জানান, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং নতুন অস্ত্র কেনার কারণে এই ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।যুদ্ধক্ষেত্রে এই বিপুল ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ও ভবিষ্যতের পরিকল্পনায় নতুন করে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

অন্যদিকে, এই সংঘাত নিয়ে নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, সাম্প্রতিক এই যুদ্ধ পরিস্থিতি থেকে ইরান অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে আবারও কোনো ধরনের যুদ্ধ শুরু হলে ইরান যুক্তরাষ্ট্রকে আরও বড় চমক দেখাবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।