সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বদলি-পদায়নে ‘সন্তুষ্ট নন’ ইউএনওরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১১:৫৯ এএম

বদলি-পদায়নে ‘সন্তুষ্ট নন’ ইউএনওরা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে দেশের আট বিভাগে ১৬৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে ১৫৮ জন ইউএনওকে প্রত্যাহার করে বিভিন্ন অধিদপ্তর-সংস্থায় পদায়ন করা হয়েছে। তবে নিয়োগ ও বদলি হওয়া এই কর্মকর্তারা খুশি হতে পারেননি।

তারা নিজেদের পছন্দের উপজেলা বা দপ্তর-সংস্থায় পদায়নের জন্য দৌড়ঝাঁপ করছেন।বুধবার রাতে ১৬৬ ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন। নিয়োগপ্রাপ্তরা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫৮ জন ইউএনওকে (৩৬তম ব্যাচ) বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও দপ্তর-সংস্থায় পদায়ন করা হয়।

নিয়োগপ্রাপ্ত ইউএনওরা: নতুন নিয়োগ পাওয়া ইউএনওরা অনেকেই তাদের পছন্দের উপজেলায় পদায়ন পাননি। এবার তাদের নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে লটারির মাধ্যমে। পছন্দের উপজেলা না পেয়ে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে দৌড়ঝাঁপ করছেন।প্রত্যাহার হওয়া ইউএনওরা: প্রত্যাহার হওয়া ইউএনওদের অনেকেও পছন্দের দপ্তর না পেয়ে হতাশ। তারা ঢাকাকেন্দ্রিক পদায়ন নিতে ধরনা দিচ্ছেন।

ইউএনওদের তদবির ও আবেদন বিবেচনায় নিচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী গতকাল দুপুরে কালবেলাকে বলেন:আমরা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ ও বদলির কাজটি করেছি। এখন কেউ পছন্দের পদায়ন নিতে চাইলেও তা সম্ভব নয়। ভোটের আগে এ নিয়োগ ও বদলি আদেশ পরিবর্তন হবে না। সুতরাং দৌড়ঝাঁপ করে কোনো কাজে আসবে না।"তিনি আরও জানান, নির্বাচনের তফসিল হওয়ার পর নির্বাচন কমিশনের পরামর্শে বদলি-পদায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় নির্বাচনে ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র জানিয়েছে, বিগত নির্বাচনগুলোতে যারা দায়িত্বে ছিলেন, তারা আগামী নির্বাচনের সময় দায়িত্ব পাবেন না। ৩৫তম ব্যাচের বেশ কয়েকজন ইউএনও যারা ২০২৪ সালের নির্বাচনে সহকারী রিটার্নি কর্মকর্তা (এআরও) হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রত্যাহার করা হবে। অন্যদিকে, ৩৬তম ব্যাচের যাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ভালো, তারা আগামী নির্বাচন পর্যন্ত ইউএনও পদে থাকবেন।