সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ১৫ দিনে: নতুন অধ্যাদেশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ১৫ দিনে: নতুন অধ্যাদেশ

মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন করের (ভ্যাট) দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান পুনরায় চালু করছে সরকার। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমার সুযোগ রাখা হয়েছে। এমন বিধান অন্তর্ভুক্ত করে ‍‍`মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬‍‍`-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

‍‍`মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২‍‍`-এর ধারা ৬৪ সংশোধনের লক্ষ্যে এই সংশোধিত অধ্যাদেশটি প্রণয়ন করা হচ্ছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্ত অনুমোদন পায়।

বর্তমানে প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে।

এর পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যেই দাখিলপত্র পেশ করার আগের বিধানটি পুনঃপ্রবর্তন করা হবে। অনুমোদিত খসড়া অনুযায়ী, কর মেয়াদ শেষ হওয়ার ১৫তম দিন সরকারি ছুটি থাকলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে। একই সঙ্গে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে ২০ দিনের বিশেষ সময়সীমা কার্যকর থাকবে।