ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫৮ পিএম
বকেয়া ন্যাভিগেশন বা উড্ডয়ন পরিচালনা চার্জ পরিশোধ না করার কারণে ভারতের বাজেট এয়ারলাইন স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা। এই নিষেধাজ্ঞার ফলে স্পাইসজেটের পূর্বমুখী বেশ কিছু ফ্লাইটকে এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
এর ফলে আর্থিকভাবে চাপের মুখে থাকা ভারতীয় এই বিমান সংস্থার জ্বালানি ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার কারণে সরাসরি ক্ষতির মুখে পড়েছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব রুটের বিমানগুলো বর্তমানে বিকল্প আকাশপথ ব্যবহার করে চলাচল করছে। আকাশসীমা ব্যবহারের এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে স্বল্প দূরত্বের এসব রুটে সময় ও জ্বালানি সাশ্রয় করা স্পাইসজেটের জন্য কঠিন হয়ে পড়বে।
এমনিতেই বিমান সংস্থাটি বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছরের শেষ প্রান্তিকেও তারা আড়াইশ কোটির বেশি রুপি নিট লোকসানের হিসাব প্রকাশ করেছিল।বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি স্পাইসজেট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, ন্যাভিগেশন চার্জসহ বিভিন্ন পরিচালনাগত বকেয়া মেটাতে তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সংকট সমাধানে গঠনমূলক আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। তবে বিমান চলাচলে কোনো সরাসরি প্রভাব পড়েনি এবং নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে বলে সংস্থাটি আশ্বস্ত করেছে। তবুও খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই বকেয়া সমস্যার সমাধান না হলে পরিস্থিতি জটিল হবে। ইতিমধ্যেই বোম্বে স্টক এক্সচেঞ্জে স্পাইসজেটের শেয়ারের দাম কমে যাওয়ার খবর পাওয়া গেছে। বকেয়া পরিশোধের মাধ্যমে দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সংস্থাটির আর্থিক স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে পড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন