জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৬ পিএম
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতীয় বেসামরিক ও সামরিক বিমানের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে। শনিবার (১৮ জুলাই) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক নোটিসের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে ২৪ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল ছিল।সীমান্তবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
এই নিষেধাজ্ঞা ভারতে নিবন্ধিত অথবা ভারতীয় এয়ারলাইনস ও অপারেটরদের পরিচালিত কিংবা লিজ নেওয়া যেকোনো উড়োজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি সামরিক বিমানের জন্যও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ থাকবে। পাকিস্তানের করাচি এবং লাহোর—উভয় ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের ক্ষেত্রেই এই আদেশ কার্যকর করা হয়েছে।
গত বছরের এপ্রিলের শেষ দিক থেকে দুই প্রতিবেশী দেশ পরস্পরের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব ভারতের একাধিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে ১৯৯৯ সালে কারগিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।
সর্বশেষ সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করেছিল যে, তারা ভারতের বেশ কিছু যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। সেই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান হলেও আকাশসীমা সংক্রান্ত নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পারদ এখনও উঁচুতে থাকায় পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন