মার্চ ৭, ২০২৬, ০৪:৫৮ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও বৃদ্ধি করেছে ইরাক ও বাহরাইন। শনিবার দেশ দুটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইরাকের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে ইরাকের আকাশপথ ব্যবহার করে কোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক রাষ্ট্র বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এর ফলে বিমানবন্দরের সকল নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের এবং সংশ্লিষ্ট উড্ডয়ন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দেশগুলোর আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক রুটের বিমান চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলের আকাশসীমা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমা আংশিক বা পূর্ণাঙ্গভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী এবং ওই অঞ্চলের ওপর দিয়ে চলাচলকারী কয়েক শ ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, সংঘাত আরও দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে বিমান ভাড়া এবং পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগে পুনরায় ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
সূত্র: আল জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন