মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

যেসব জেলায় সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম

যেসব জেলায় সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ

পাহাড়ের ৩ জেলায় ছুটির হাতছানি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের ছুটির সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। তবে এই বিশেষ সুযোগটি মূলত তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা— খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে এপ্রিলের মাঝামাঝি সময়ে তারা টানা ছয় দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ পাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পার্বত্য তিন জেলায় প্রধান সামাজিক উৎসব ‍‍`বৈসাবি‍‍` বা চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল (সোমবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এই তিন জেলার বাইরে দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে। এর পরদিনই অর্থাৎ ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি।

কীভাবে মিলছে এই ৬ দিনের লম্বা ছুটি? হিসাবটা বেশ সহজ কিন্তু কার্যকর। ১৩ ও ১৪ এপ্রিল (সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি। এর আগে ১১ ও ১২ এপ্রিল (শনি ও রবিবার) সাপ্তাহিক ছুটি না থাকলেও, পাহাড়ের কর্মীরা যদি বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি ম্যানেজ করতে পারেন, তবেই কেল্লাফতে! কারণ এর পরপরই ১৭ ও ১৮ এপ্রিল পড়ছে নিয়মিত সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সব মিলিয়ে পাহাড়ে উৎসব পালনের জন্য টানা ৬ দিনের একটি চমৎকার সুযোগ তৈরি হচ্ছে।

উল্লেখ্য যে, ২০২৬ সালের এপ্রিল মাসটি সরকারি চাকুরিজীবীদের জন্য বেশ ‍‍`আরামদায়ক‍‍` প্রমাণিত হচ্ছে। এর আগে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ঈদের ছুটি কাটিয়েছেন তারা। এরপর গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আরও ৩ দিনের একটি বিরতি পেয়েছেন। এবার পার্বত্য অঞ্চলে কাজ করা কর্মীদের জন্য চৈত্র সংক্রান্তির এই বিশেষ ছুটি যেন সোনায় সোহাগা।

পাহাড়ি জেলাগুলোতে এই সময়ে বৈসাবি, বিজু বা সাংগ্রাই উৎসবের ধুম পড়ে যায়। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে কর্মীরা পরিবারের সাথে উৎসব পালনের পর্যাপ্ত সময় পাবেন বলে আশা করা হচ্ছে।