রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ঈদে সব ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ০২:৩৮ পিএম

ঈদে সব ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের যাতায়াত এবং যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও সুবিধাজনক করতেই মূলত এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব সিএনজি ফিলিং স্টেশনকে এই নির্দেশনার আওতায় আনা হয়েছে।

টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।সম্প্রতি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মূলত ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানানো হয়। 

নির্দেশনা অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। অর্থাৎ ঈদুল আজহার পূর্বের সাত দিন এবং উৎসব পরবর্তী পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আসন্ন ঈদুল আজহায় দেশে সরকারি ছুটি থাকবে মোট সাত দিন। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশের সমস্ত সরকারি ও আধাসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পোশাক কারখানাগুলো ছুটি হবে ধাপে ধাপে। যাত্রীদের ঈদযাত্রা সহজ করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।