মে ২৪, ২০২৬, ০৭:৩২ পিএম
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে অংশ নেবেন।
ঈদের দিন সকালে রাষ্ট্রীয় দায়িত্ব ও আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি এখানে নামাজ পড়বেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ মন্ত্রী ও সাংসদগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীতে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে নামাজ পড়বেন। এছাড়া বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীরা তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদ উদযাপনের জন্য নিজ নিজ জেলায় অবস্থান করবেন।নামাজ শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতৃবৃন্দ।
জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন। সেখানে তারা শ্রদ্ধা নিবেদন ও কোরআন তেলাওয়াত করবেন বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন