মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

রাজধানীতে ঈদের দিন মোড়ে কম দামে বিক্রি হচ্ছে মাংস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৮, ২০২৬, ১০:৩০ পিএম

রাজধানীতে ঈদের দিন মোড়ে কম দামে বিক্রি হচ্ছে মাংস

প্রকৃতি ছবি

সারাদেশে আজ বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ ও কোরবানি শেষে দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের পাশে অস্থায়ী দোকানে কোরবানির মাংস বিক্রি হতে দেখা গেছে। বাজারমূল্যের চেয়ে কম দামে মাংস কিনতে এসব জায়গায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় ছিল।বাংলামোটর, হাতিরপুল ও মিরপুরে এই চিত্র দেখা গেছে।

ফুটপাতে পলিথিন বিছিয়ে এবং ছোট টেবিল সাজিয়ে গরু ও খাসির মাংসের পাশাপাশি ভুঁড়ি, মাথা ও হাড্ডি বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। বাসাবাড়ি থেকে দুস্থ মানুষেরা সাহায্য হিসেবে পাওয়া মাংসের একটি অংশ নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে এদের কাছে বিক্রি করে দেন। আবার অনেকে সরাসরি সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করছেন। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

হাড়সহ বা মিশ্র মাংস বিক্রি হচ্ছে আরও কম দামে। বাংলামোটর মোড়ের বিক্রেতারা জানান, শহরের বিভিন্ন স্থান থেকে এসব সংগ্রহ করা হয়েছে। বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকার বেশি হলেও এখানে ভালো মানের মাংস ৭০০ টাকার মধ্যে মিলছে। গরুর ভুঁড়ি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।

যাদের মাংস কেনার সামর্থ্য কম, তারা কম দামে ভুঁড়ি বা হাড্ডি কিনছেন। পরিবারের মুখে ঈদের দিন একটু মাংস তুলে দিতেই ক্রেতারা এখানে ভিড় করেছেন বলে জানা গেছে।