মে ২৯, ২০২৬, ১০:১৪ এএম
সারাদেশে আজ শুক্রবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি চলছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই অনেককে পশু কোরবানি দিতে দেখা গেছে। মূলত পারিবারিক ঐতিহ্য রক্ষা এবং ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত চাপ এড়াতে অনেকে দ্বিতীয় দিনে কোরবানি করছেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী জিলহজ মাসের ১২ তারিখ পর্যন্ত কোরবানি করা বৈধ।ঈদের প্রথম দিনে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ায় এবং অতিরিক্ত ব্যস্ততার কারণে অনেকে পরের দিন কোরবানি করাকে বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে করেন।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মৌসুমি কসাইরা আজও গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে দ্বিতীয় দিনেও কোরবানি চলায় পশুর বর্জ্য অপসারণ নিয়ে নগরবাসীর মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কিছু অলিগলিতে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।কোথাও কোথাও সড়কে পশুর রক্ত জমে থাকায় স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছেন। অনেক এলাকায় ব্লিচিং পাউডার ছিটানোর জন্য সিটি করপোরেশনের কর্মীদের দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের কাজ চালানো হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সাত হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।দ্বিতীয় দিনের বর্জ্য দ্রুত অপসারণের জন্য কর্মীরা মাঠে কাজ করছেন বলে বিসিকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাংস প্রস্তুতের কাজও দ্রুত শেষ হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন