জুন ৮, ২০২৬, ০১:০২ পিএম
দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও বেগবান করতে মস্কোতে বৈঠকে বসছেন বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই বৈঠকে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ঢাকাস্থ রুশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনার পাশাপাশি সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সের্গেই ল্যাভরভের ঢাকা সফরের পর এটিই দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। বর্তমান দায়িত্বে আসার পর এটিই খলিলুর রহমানের প্রথম মস্কো সফর।তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটোম-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন।
বাংলাদেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে পারে। এছাড়া রুশ ফেডারেশনের ফেডারেল কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গেও তার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের কথা রয়েছে।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন জলসীমাকে নিরাপদ করতে সোভিয়েত নৌবাহিনীর মাইন অপসারণ ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের অভিযান দুই দেশের বন্ধুত্বের অনন্য নিদর্শন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট যা-ই হোক না কেন, দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহতভাবে বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামেও দুই দেশ বরাবরই গঠনমূলক সহযোগিতা বজায় রেখে আসছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন