সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম
পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী এলাকায় তিন দিনের সফর শেষে ঢাকায় ফেরার প্রাক্কালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিগত সরকারের সময়ের কথিত বিশেষ সম্পর্কের সমলোচনা করে তিনি জানান, বাংলাদেশ কোনো একপাক্ষিক বা অধীনতামূলক সম্পর্ক নয়, বরং প্রতিবেশীর সাথে সুষম ও আত্মমর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
সফর শেষে ঢাকায় ফিরছেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান টানাপোড়েন ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, ব্রিকস সম্মেলনের বিষয়ে তাদের পক্ষ থেকে বাংলাদেশকে এখনো স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। এমনকি বর্তমান সরকারপ্রধানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও আন্তরিকতার অভাব দেখা গেছে।
সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে রাজনৈতিক আশ্রয় প্রদান এবং সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেওয়া কোনোভাবেই সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও তিনি মন্তব্য করেন। ভারতের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকতা প্রত্যাশা করলেও দিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলছে না বলে তিনি জানান। দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা প্রসঙ্গে স্পিকার উল্লেখ করেন, বিগত দীর্ঘ সময়ের দুঃশাসনের ফলে রাষ্ট্রের প্রায় প্রতিটি বিভাগেই চরম প্রাতিষ্ঠানিক সংকট তৈরি হয়েছে। এই গভীর অবক্ষয় কাটিয়ে দেশকে স্বাভাবিক ধারায় ফেরাতে বর্তমান প্রশাসনের কিছুটা সময়ের প্রয়োজন হবে।
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার বিষয়ে তিনি বলেন, আইনি পরিমণ্ডলে পরিবর্তন আনার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট কৌশল নিয়ে দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হলেও তা নিরসনে উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সংসদে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল উভয়ই জনগণের স্বার্থে একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম কাওসার এবং জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন