সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:৫৫ পিএম
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার সিংহভাগ আগামী অক্টোবর মাসের মধ্যেই নিরসনের আশা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যে এবং পুরো মহাসড়কের নির্মাণকাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে মহাসড়কটির চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানীনগরে যাওয়ার আগে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় চলমান ছয় লেন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, পুরো প্রকল্পটি সিলেট জেলা ও এর বাইরের অংশ মিলিয়ে বিভিন্ন ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা ও বাস্তবায়ন রূপরেখা অনুযায়ী পুরো মহাসড়কের কাজ শেষ হতে ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত গড়াতে পারে। তবে সিলেট অংশের বাস্তবায়ন ২০২৮ সালের মধ্যেই শেষ করার ব্যাপারে সরকার আশাবাদী।
জমি অধিগ্রহণের অগ্রগতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কাজের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রক্রিয়া এখন চলমান। ভূমি অধিগ্রহণ ঘিরে উচ্চ আদালতে মোট ১১৩টি মামলা হয়েছিল, যার অধিকাংশই ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো সক্রিয়ভাবে কাজ করছে। ফলে আগামী অক্টোবরের মধ্যেই ভূমি সংক্রান্ত জটিলতার বড় অংশের সমাধান হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা। এ সময় প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলী ও পদস্থ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন