অক্টোবর ১, ২০২৬, ০৯:৪১ এএম
ফেনীর উদ্দেশে সড়কপথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সরকারপ্রধানের গাড়িবহর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান।
কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে বারোটায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরশুরামের কর্মসূচি শেষে দুপুর সোয়া একটায় ফুলগাজী উপজেলার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে দুপুর দেড়টায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। সফরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন