অক্টোবর ৮, ২০২৬, ১০:০৮ পিএম
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরির কোনো অপচেষ্টা সরকার মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ও কর সমন্বয় করার পাশাপাশি কার্যকর সরবরাহব্যবস্থা নিশ্চিত করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। তবে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা সহ্য করা হবে না।
খন্দকার আব্দুল মুক্তাদির কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।
নিত্যপণ্যের মজুত প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, আসন্ন রমজানকে সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা পণ্যের পরিমাণ সম্পূর্ণ পর্যাপ্ত। এই কারণে রমজান মাসে বাজারে কোনো ধরনের খাদ্যপণ্যের ঘাটতি তৈরি হবে না এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
সারা বছর তুলনামূলকভাবে স্থিতিশীল দামে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সবজি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্যমন্ত্রী। এজন্য একটি সুপরিকল্পিত সরবরাহব্যবস্থা গড়ে তোলা দরকার বলে তিনি মত দেন।
তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সুবিধা অনুযায়ী পরিকল্পিত উপায়ে কৃষিপণ্য উৎপাদন করতে হবে। কোনো সবজি যদি জুলাই মাসে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়, তবে বছরজুড়েই স্থিতিশীল সরবরাহ ধরে রাখা সম্ভব হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন