সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়-২ আসনে ভোটকেন্দ্র সরানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৬ পিএম

পঞ্চগড়-২ আসনে ভোটকেন্দ্র সরানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মায়ের নামে প্রতিষ্ঠিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বোদা উপজেলার সাকোয়া বাজারে দলটির নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার বসুনিয়া।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ১০৪১ জন ভোটার ভোট দিয়ে আসছিলেন।

কিন্তু বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জনবহুল এলাকার সেই কেন্দ্রটি সরিয়ে প্রার্থীর বাসার পাশে তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত ‘মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায়’ স্থানান্তর করেছে। নতুন কেন্দ্রটিতে মাত্র ৪৩৬ জন ভোটার রয়েছেন এবং এটি আগের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত।জামায়াত নেতৃবৃন্দ দাবি করেন, ভোটারদের হেনস্তা করতে এবং নির্বাচনে বল প্রয়োগের মাধ্যমে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। 

অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের কেন্দ্রে ভোট গ্রহণের দাবি জানিয়ে তাঁরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গণস্বাক্ষরসহ আবেদন জমা দিয়েছেন।সংবাদ সম্মেলনে বোদা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা শুরা সদস্য হাসিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।